Print Date & Time : 13 November 2026 Friday 6:33 pm

জঙ্গলে গাছের ডালে ঝুলছিল কঙ্কাল

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ( ০৩ সেপ্টেম্বর) সকালে কঙ্কালটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার মল্লিকবাড়ী মোড় এলাকায় গহিন জঙ্গল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকবাড়ী মোড় এলাকায় গহিন জঙ্গলে এক ব্যক্তি গরু খুঁজতে গিয়ে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত কঙ্কালটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দেড় মাস আগেই কঙ্কালটি গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।

ভালুকা মডেল থানার এসআই (উপপরিদর্শক) ফজিকুল ইসলাম জানান, ঝুলন্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।