স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতাল বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাব ও পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের পক্ষে মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ঢাকায় পাইয়াথাই-২ হাসপাতালের প্রতিনিধি মোমেন্টাম মেডিকেয়ারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুয়াদী নিমা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক এ.কে.এম. মহসীন।
এ সময় জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ম্যানেজিং কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ পলি, সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান, বুলবুল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ ক্লাবের সদস্য ও বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের ফলে জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।