Print Date & Time : 18 November 2026 Wednesday 11:08 am

জ্বালানি সাশ্রয় ও কৃষি উৎপাদন ধরে রাখতে মতবিনিময়

নাজমুল হাসান:
কুষ্টিয়ায় চলতি সেচ মৌসুমে জ্বালানি সাশ্রয় এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মার্চ ২০২৬ তারিখে কুষ্টিয়া সদর উপজেলার ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদের মিলনায়তনে (বিত্তিপাড়া বাজার) এ সভার আয়োজন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), কুষ্টিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার মান্যবর জেলা প্রশাসক জনাব তৌহিদ বিন হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপাউবো কুষ্টিয়ার উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মতিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রোকনুজ্জামান।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও দক্ষ পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করলে জ্বালানি খরচ কমিয়ে কৃষি উৎপাদন অব্যাহত রাখা সম্ভব। কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও জানান, পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সেচ ব্যবস্থাপনা ও কৃষি খাতে জ্বালানি সাশ্রয় বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।