Print Date & Time : 18 November 2026 Wednesday 11:38 am

ঝিনাইদহে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে শকের বানু (৫০) নামে এক নারী খুন হয়েছেন। শুক্রবার ভোররাতে গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শকের বানু ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী। এ ঘটনায় তার ছেলে ইখলাস (৪০)-কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয় সাংবাদিক মশিউর রহমান টিংকু জানান, ইখলাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই তার মায়ের কাছে টাকা চাইতেন। বৃহস্পতিবার রাতে টাকা চেয়ে না পেয়ে ভোররাতে মাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ।

সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গিয়ে শকের বানুকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইখলাসকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ইখলাসকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।