Print Date & Time : 14 November 2026 Saturday 7:52 am

টানা বৃষ্টিতে নোয়াখালী শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে পৌরবাসী

গিয়াস রনি : টানা বর্ষণের প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলের মতো নোয়াখালীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে নোয়াখালী পৌরসভার জেলা শহর মাইজদীর প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বর্ষার শুরুতেই এমন পরিস্থিতিতে উদ্বেগ বেড়েছে পৌরসভার প্রায় দেড় লাখ বাসিন্দার মধ্যে।

সরেজমিনে দেখা যায়, গত তিন দিনের টানা বৃষ্টিতে মাইজদী শহরের প্রধান সড়ক, পুলিশ লাইনস রোড, হাউজিং রোড, সার্কিট হাউস সংলগ্ন এলাকা, ফকিরপুর রোড, পুরাতন জেলখানা সড়কসহ শহরের অধিকাংশ এলাকায় হাঁটুর নিচ পর্যন্ত, কোথাও কোথাও গোড়ালি সমান পানি জমে রয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন পিয়াস বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সড়কের তুলনায় উঁচু ড্রেন, নিয়মিত পরিষ্কার ও সংস্কারের অভাব এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হলেও অনেক স্থানে সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এছাড়া দীর্ঘদিন ধরে শহরের খাল পুনঃখনন ও পরিষ্কার না করায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না, ফলে জলাবদ্ধতা আরও তীব্র হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সদর হাসপাতাল সড়ক, পুরাতন জেলখানা সড়কসহ বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। এর মধ্যে বর্ষা মৌসুমেই ড্রেন নির্মাণ ও সংস্কারকাজ চলায় অনেক সড়কের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। এতে যেমন জনদুর্ভোগ বেড়েছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।

২০২৪-২৫ সালের ভয়াবহ বন্যার ক্ষত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি নোয়াখালীর মানুষ। এরই মধ্যে বর্ষার শুরুতেই শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে নতুন করে জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শহরের খাল পুনঃখনন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন পৌরবাসী। তাদের মতে, দ্রুত স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হলে জলাবদ্ধতা কমবে এবং জেলা শহরে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের নোয়াখালীর উপপরিচালক ডা. মো. শেখ ছাদেক বলেন, নোয়াখালী পৌরসভা একটি নিম্নাঞ্চলভিত্তিক ও ঐতিহ্যবাহী পৌরসভা হওয়ায় অল্প বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে। জনদুর্ভোগ কমাতে পৌরসভা নিয়মিত কাজ করছে। তিনি জানান, গত অর্থবছরে জলাবদ্ধতা নিরসনে আটটি খাল ও সাতটি ড্রেন পরিষ্কার করা হয়েছে। তবে অনেক স্থানে আবর্জনা ফেলার কারণে ড্রেন বন্ধ হয়ে যায়। পৌরসভার সক্ষমতা অনুযায়ী সমস্যাগুলোর সমাধানে কাজ চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।