জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা গোলাপ নগরের কৃতি সন্তান ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ম. বুলবুল আবু সাইদ শামীম ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এ নিয়োগে আইনজীবী মহল, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
ম. বুলবুল আবু সাইদ শামীম দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত থেকে সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করে আসছেন। আইন অঙ্গনে তাঁর পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ তাঁর কর্মজীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
নতুন এই দায়িত্বে তিনি রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
তাঁর নিয়োগের খবরে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়ে বলেন, ম. বুলবুল আবু সাইদ শামীম তাঁর মেধা, অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। একই সঙ্গে আইন ও বিচারাঙ্গনে তাঁর নতুন দায়িত্ব দেশ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
আইনজীবী বুলবুল আবু সাইদ শামীম জানান, মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়, মাননীয় আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান মহোদয় ও মাননীয় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ( ডিএজি)পদে আমাকে নিয়োগ দেওয়ার জন্য । সকলের কাছে দোয়া চাই, যেন আমার উপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //