স্টাফ রিপোর্টার : রাজধানীর ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনার পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের পর ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার জন্য ছাত্রদল কলেজ শাখা ছাত্রশিবিরকে দায়ী করেছে। সংগঠনটির দাবি, তাদের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের ওপর ছাত্রশিবিরের কলেজ শাখার অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অতর্কিত হামলা চালান। পরে আহত পারভেজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা কলেজ শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্যালারি-২–এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। এ সময় সাজসজ্জার কাজে নিয়োজিত ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রদল নেতা-কর্মী হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ঢাকা কলেজ প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।