Print Date & Time : 13 November 2026 Friday 5:10 pm

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটে দুর্ভোগে পড়েন মানুষ। পরে পুলিশের কয়েক দফার ধাওয়া ও টিয়ারসেল নিক্ষেপে প্রায় শতাধিক শ্রমিক আহত হন। পরে বিক্ষুব্দ শ্রমিকরা ছত্রভঙ্গ হলে মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এলাকাবাসী, কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এসব কারখানার কর্তৃপক্ষ তাদের দাবিতে কোনো কর্ণপাত করেনি। প্রতিদিনের মতো গতকাল সোমবার সকালে কাজে যোগদান করে পোশাক কারখানার শ্রমিকরা। তারা কাজে যোগদান করেই শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির দাবি করে। ওই দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। এরপরও কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। অপর দিকে বে ফুটওয়ার কারখানার শ্রমিকরা একই দাবিতে ভেতরে ভাংচুর চালায়। এক পর্যায় পূর্বাণী গ্রুপের একটি কারখানা ও বে ফুটওয়ার কারখানার উত্তেজিত শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, রহমত টেক্সটাইল, সাদমা নীট কারখানাসহ কয়েকটি কারখানার শ্রমিকরাও একাত্বতা ঘোষণা করে তারাও মহাসড়কে অবস্থান নেয়। এসময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়কের ওপর শুয়ে, বসে ও দাঁড়িয়ে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। খবর পেয়ে শিল্প-পুলিশ ও মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্দ শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। কিন্তু মহাসড়ক ছাড়তে বললে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে উঠে এবং মহাসড়কে বিক্ষোভ করতে থাকে। এসময় উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি সৃষ্টি হয়। পরে পুলিশ বাধ্য হয়েই ধাওয়া ও টিয়ারসেল নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে পড়ে শ্রমিকরা। ছত্রভঙ্গ হওয়ার কিছুক্ষণ পরেই আবার মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্দ শ্রমিকরা। এভাবে কয়েক দফায় পুলিশের ধাওয়া ও টিয়ারসেল নিক্ষেপে বেলা আড়াইটার দিকে মহাসড়ক থেকে সরে যায় শ্রমিকরা। এ ঘটনায় প্রায় শতাধিক শ্রমিক আহত হন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের নাম জানা যায়নি। এরপর ধীরে ধীরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর এসব পোশাক কারখানা একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিক্ষুব্দ শ্রমিকরা জানান, চাল, ডাল, চিনি, তেল ও সবজিসহ সকল নিত্যপণ্যের দাম আকাশ চুম্বি হওয়ায় বর্তমান বেতনে আমাদের সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। এজন্য আমরা বেতন বৃদ্ধির দাবী জানিয়ে আসছি। এটা কারখানার কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করলে আমরা শান্তিপূর্ণভাবে দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ করি। তাদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের উপর টিয়ারসেল নিক্ষেপ করে। এতে আমাদের শতাধিক শ্রমিক আহত হন।

এব্যাপারে মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কারখানা ভাংচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//