Print Date & Time : 18 November 2026 Wednesday 1:46 pm

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার : দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি। সোমবার (২৭ জুলাই) রাতের এ ঘটনায় নিহতদের সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুইন্সটাউন (বর্তমানে কোমানি) শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকার একটি দোকানে আগুন লাগে। ওই দোকানের ভেতরে থাকা আবাসিক কক্ষে সাত বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ছয়জন ঘটনাস্থলেই মারা যান।

অগ্নিকাণ্ডের পর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তথ্য অনুযায়ী, নিহতরা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকার বাসিন্দা ছিলেন।

এদিকে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।

এই দুর্ঘটনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের জন্য দোয়া এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এর আগে দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে আরও কয়েকজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২০১৮ সালে নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে দোকানে আগুন লেগে একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৪ সালে কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গে অগ্নিকাণ্ডে প্রাণ হারান আরও দুই বাংলাদেশি।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।