কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব আব্দালপুর এলাকার বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী বশির শেখকে স্বাবলম্বী করতে ২০ হাজার টাকা অনুদান দিয়েছে সেতু এনজিও।
রবিবার দুপুরে কুষ্টিয়া শহরস্থ সেতু ভবনে এই অনুদান তুলেন দেওয়া হয়।
জানা যায়, মাত্র দুই বছর বয়সে অসুস্থতার কারণে তার দুই চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়। শৈশব থেকেই অন্ধত্বকে সঙ্গী করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে—একজন নবম শ্রেণিতে এবং অন্যজন প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে। সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানদের লেখাপড়া চালিয়ে নিতে সংগ্রাম করছেন বশির শেখ।
এ অবস্থায় মানবিক সহায়তা হিসেবে সেতু এনজিওর পক্ষ থেকে ২০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়। সংগঠনটির নির্বাহী পরিচালক ড. আব্দুল কাদের নিজ হাতে বশির শেখের কাছে এ অর্থ তুলে দেন।
অনুদান প্রদানকালে ড. আব্দুল কাদের বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। এই সহায়তার মাধ্যমে বশির শেখ যেন কোনো ছোট ব্যবসা বা আয়ের উৎস গড়ে তুলে স্বাবলম্বী হতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বশির শেখ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্থ তার জীবনে নতুন আশার সঞ্চার করেছে।
স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।