Print Date & Time : 18 November 2026 Wednesday 8:31 pm

দেশসেরা সাঁতারু নির্বাচিত কুষ্টিয়ার জুই আক্তার

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে জুই আক্তার ৩৫তম জাতীয় ম্যাক্স গ্রুপ সাঁতার প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিল কমপ্লেক্সে গত ২৮-৩১ অক্টোবর সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় তিনি ১০টি স্বর্ণপদকসহ মোট ১২টি পদক জয় করে দেশসেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন। অসাধারণ এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার হিসেবে পেয়েছেন একটি স্কুটি মোটরসাইকেল।
জুই আক্তার একসময় মিরপুরের আমলা সাগরখালী সুইমিং ক্লাবের সাঁতারু ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর সাবেক শিক্ষার্থী হিসেবে সাঁতারে নিজের প্রতিভা ও দক্ষতার আরও বিকাশ ঘটান। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।
জাতীয় পর্যায়ের এই সাফল্যে কুষ্টিয়া, মিরপুর ও সদরপুরের ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, জাতীয় পর্যায়ে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করবেন জুই আক্তার।
সদরপুরের এই কৃতী সাঁতারু ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশের সম্মান ও কুষ্টিয়ার মুখ উজ্জ্বল করবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //