Print Date & Time : 12 November 2026 Thursday 1:09 am

দৌলতপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জ্বালানি তেল মজুদের অভিযোগে মিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার সেন্টারমোড় এলাকায় ওই ব্যবসায়ীর জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে তাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, জ্বালানি তেল মজুদের অভিযোগে উপজেলার সেন্টারমোড় এলাকায় ব্যবসায়ী মিরাজুল ইসলাম এবং মজনুর তেলের দোকান ও বাড়িতে তল্লাশী অভিযান চালায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ গুহ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় মিরাজের দোকানে ২১৪ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুদসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।