Print Date & Time : 14 November 2026 Saturday 1:27 pm

দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে পুশব্যাক

এনামুল হক কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তা ও টহল তৎপরতার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে দৌলতপুর উপজেলার মদনের ঘাট এলাকায় সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু। এ সময় রামকৃষ্ণপুর বিওপির টহল দলের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সীমান্ত শূন্য রেখা থেকে ১৪ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নেয়।