Print Date & Time : 13 November 2026 Friday 8:13 pm

নিষেধাজ্ঞার পরও নির্মাণকাজ, জমি দখলের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী এলাকায় সুনিভার্স ফুটওয়্যার কারখানার পাশে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জমির মালিক রুহুল আমিন।

অভিযোগ সূত্রে জানা যায়, হবিরবাড়ী মৌজার এসএ ৮৪০ নম্বর দাগের জমিতে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক দখল নিয়ে ইটের দেয়ালসহ পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। জমির মালিক রুহুল আমিন বাধা দিলে সাইফুল ইসলাম রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

রুহুল আমিনের দাবি, বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হলে সংশ্লিষ্ট জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে ওই নির্দেশের পরও সাইফুল ইসলাম ও তার লোকজন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি যে জমিতে কাজ করছেন সেটি সরকারি খাস সম্পত্তি এবং তিনি কারও ব্যক্তিগত জমি দখল করেননি। আদালতের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে বিএনপি ও ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর কর্মী হিসেবে পরিচয় দেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্টদের নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আদেশ অমান্য করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।