Print Date & Time : 12 November 2026 Thursday 6:01 am

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে শিগগিরই নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এ সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাত থেকে নোবিপ্রবির আবদুল মালেক উকিল হলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। মঙ্গলবার দুপুরেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন বলে জানা গেছে।

বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের দাবি, বহিরাগতদের সঙ্গে ক্যাম্পাসের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে পরিস্থিতির অবনতি ঘটে। ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত বলেও জানান তিনি।

ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে। সদস্য হিসেবে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানিয়েছেন, ঘটনায় যারাই জড়িত থাকুক, তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।