পটুয়াখালী প্রতিনিধি:
‘‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, পটুয়াখালীর আয়োজনে ও সনাক-টিআইবি, পটুয়াখালীর সহযোগিতায় ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ’ পালিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মহসিন উদ্দীন এর সভাপতিত্বে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়।
শুরুতেই জাতীয় তথ্য বাতায়নের ‘ সনাক কতৃক পরিচালত পটুয়াখালী জেলার সরকারি অফিস সমূহের ওয়েব পোর্টার পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৬’ বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা সকলের সামনে তুলে ধরেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। তিনি পটুয়াখালী জেলার ৮১টি ওয়ভে পোর্টালের পর্যবেক্ষণের প্রতিবেদন সকলের সামনে তুলে ধরেন। পাশাপশি বিগত বছরের সাথে বর্তমান পর্যবেক্ষণের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। পটুয়াখালী জেলার সরকারি অফিস সমূহের ওয়েব পোর্টালসমূহ হালনাগাদ করার জন্য ৭ দফা সুপরিশ তুলে ধরেন; সেগুলো হলো- ১. ওয়েব পোর্টালগুলোর তথ্য শতভাগ হালনাগাদের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জেলা প্রশাসক কতৃক চিঠি ইস্যু করা; ২.‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা’র নাম, পদবি, ফোন ও ই-মেইল ওয়েব পোর্টালের হোমপেজে নিয়মিত হালনাগাদ রাখার জন্য নির্দেশনা প্রদান করা; ৩. পরিবর্তনযোগ্য তথ্যগুলো নিয়মিত হালনাগাদ রাখতে মাসে একাধিকবার ওয়েব পোর্টাল ভিজিট করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নির্দেশনা প্রদান করা; ৪. আংশিক তথ্যের পরিবর্তে প্রয়োজনীয় সকল তথ্য বিস্তারিতভাবে হালনাগাদ রাখা; ৫.যে সকল প্রতিষ্ঠানের জাতীয় তথ্য বাতায়নের পোর্টাল ছাড়া স্বতন্ত্রভাবে রয়েছে সেসকল ওয়েব সাইটের লিঙ্ক জাতীয় তথ্য বাতায়নের হোম পেজে যুক্ত করা; ৬. তথ্য অধিকার বাস্তবায়নে আবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির নিয়মিত সভা ও কার্যক্রম কার্যকর করা এবং ৭. ওয়েব পোর্টালকে জনগণের জন্য কার্যকর করতে জনসম্প্রচার বৃদ্ধি করা।
আলোচনায় বক্তারা বলেন, ‘‘ তথ্য পাওয়া জনগণের একটি মৌলিক অধিকার। কেউ তথ্য চাইলে সরকারি- বেসরকারি সকল অফিস তথ্য দিতে বাধ্য থাকবে। আইনে সেই বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। সঠিক তথ্য পেতে হলে জনগনকে সচেতন হতে হবে। জনগণকে তথ্য অধিকার আইন সম্পর্কে সুষ্পষ্ট ধারনা থাকতে হবে। কোন তথ্য চওয়া যাবে এবং কোন তথ্য চাওয়া যাবে না সে সম্পর্কে ধারণা থাকতে হবে। সরকারি অফিসগুলো যদি নিয়মিত তাদের স্ব-স্ব ওয়েব পোর্টাল হালনাগাদ করে এবং আংশিক তথ্যের পরিবর্তে প্রয়োজনীয় সকল তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করে; তাহলে জনগনকে আর আবেদন করে তথ্য চাইতে হবে না। প্রতিষ্ঠানের কর্মকর্তদের স্বচ্ছ থাকতে হবে এবং জনগণে নিকট দায়বদ্ধ থাকতে হবে। ’’
আলোচনায় অংশগ্রহণ করেন জেলা তথ্য অফিস এর উপপরিচালক অনিমেষ হালদার, সনাক সভাপতি অ্যাড. সহিদুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি মো. জাকির হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাব সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমূখ। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //