Print Date & Time : 17 November 2026 Tuesday 11:29 pm

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে প্রস্তুতি সভা

কুষ্টিয়া প্রতিনিধি: আগামী ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি গ্রহণে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান।

সভায় প্রধানমন্ত্রীর সফর সফল সুশৃঙ্খল ও উৎসবমুখর করে তোলার পাশাপাশি সফরকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর জেলাবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও গুরুত্বপূর্ণ ঘটনা। এ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা, জনসমাগম ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দফতরগুলোর প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন দফতরের প্রধান এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //