Print Date & Time : 13 November 2026 Friday 4:49 pm

‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’ জোটের আত্ম প্রকাশ

স্টাফ রিপেোর্টার: ফ্যাসিবাদীবিরোধী বাম মোর্চার আত্ম প্রকাশ ঘোষণা করেছে ৭টি বাম দল।

শনিবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডে আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্ম প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার লক্ষ্য উদ্দেশ্যসহ ১৩ দফা ইস্যু তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, মোর্চার সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন।
লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী।
সম্মেলনে উপস্থিত ছিলেন ,গণমুক্তি ইউনিয়নের আহ্বয়ক নাসির উদ্দীন আহম্মেদ নাসু, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম (মুকুল) ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, ২০১৪ সালে ভোটার বিহীন এবং ২০১৮ সালে ভোট ডাকাতির নির্বাচনে ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতৃত্বে বেকারত্ব, নিত্যপণ্যের দফায় দফায় মূল্যবদ্ধি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। এরসঙ্গে যুক্ত হয়েছে দফায় দফায় গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি। প্রভাব পড়ছে পরিবহন ভাড়া, বাড়িভাড়া সহ সকল নিত্যপণ্যের মূল্যের ওপর। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কাজসহ মৌলিক অধিকার থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। মেগা প্রকল্পের নামে দেশকে বৈদেশিক ঋণের জালে জড়িয়ে মেগা দুর্নীতির সুযোগ তৈরি করছে। এই প্রেক্ষাপটে আওয়ামী দুঃশাসনের অবসানের লক্ষ্যে সাতটি বামপন্থী সংগঠনের অংশ গ্রহণে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার যাত্রা শুরু হলো।

দৈনিক দেশতথ্য//এসএইচ//