স্টাফ রিপোর্টার : বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য নতুন ‘ভিসা প্যাকেজ’ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই কর্মসূচির আওতায় অনুমোদিত ভ্রমণ প্যাকেজ বুকিং করলেই আলাদা করে ভিসার আবেদন ছাড়াই ইলেকট্রনিক পর্যটন ভিসা (ই-ভিসা) পাওয়া যাবে।
শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন। ভবিষ্যতে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় যুক্ত করা হবে।
নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে যাওয়া-আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা একসঙ্গে বুক করতে পারবেন। ফলে আলাদাভাবে ভিসার আবেদন করা বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
সৌদি পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুক করার পর ৪৮ ঘণ্টার মধ্যে ই-ভিসা ইস্যু করা হবে। এরপর ভিসা, ভ্রমণ বিমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
বর্তমানে রিজার্ভাল ও আলমোসাফের—এই দুটি ট্রাভেল এজেন্সিকে এই সেবা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কর্মসূচির আওতায় ইস্যু করা ভিসার মেয়াদ থাকবে তিন মাস। এই ভিসা একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) সুযোগ দেবে। ভিসাধারীরা সৌদি আরবে সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
ভ্রমণ প্যাকেজের মধ্যে থাকতে হবে যাওয়া-আসার নিশ্চিত বিমান টিকিট, সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত কমপক্ষে চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসার আবেদন।
প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে অবস্থানের দিনের ওপর ভিত্তি করে। প্রথম দুই দিনের জন্য একজন প্রাপ্তবয়স্ক ভ্রমণকারীর ন্যূনতম প্যাকেজ মূল্য ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য আরও ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে।
এ ছাড়া ভিসা ইস্যু ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা চাইলে অতিরিক্ত অর্থের বিনিময়ে বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমের টিকিটও প্যাকেজের সঙ্গে যুক্ত করতে পারবেন।
তবে এই ভিসা প্যাকেজে ওমরাহ-সংক্রান্ত কোনো সেবা কিংবা মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে না। তবে ই-ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন, এমনকি মক্কা ও মদিনাতেও যেতে পারবেন।
বিমান টিকিট বা হোটেল বুকিং অনিবার্য কারণে বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ট্রাভেল এজেন্সির নিজস্ব নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।