জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের বাজারে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির প্রসারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা ও সমাজসেবক মেহেদী হাসান শাওনের নেতৃত্বে চীনের বেইজিংয়ে চূড়ান্ত ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে চীনের বেইজিংয়ের ঝৌঝুই (Zhouzui) এলাকায় অবস্থিত Tianzuo Fire Enterprise-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের বাজারে ফায়ার প্রোটেকশন পণ্যের প্রসার, দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় স্টিল স্ট্রাকচারের অগ্নি-প্রতিরোধী কোটিংসহ আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তি বাংলাদেশের শিল্প খাতে সম্প্রসারণের সম্ভাবনা। সংশ্লিষ্টরা মনে করেন, শিল্পকারখানা ও বাণিজ্যিক স্থাপনায় অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অগ্নিঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
বৈঠকে উপস্থিত ছিলেন চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান Tianzuo Fire Enterprise-এর ম্যানেজার চ্যাং মিং (Chang Ming), কুষ্টিয়ার ভেড়ামারা মন্ডলপাড়ার ছেলে ব্যবসায়িক প্রতিনিধি ও উদ্যোক্তা শাকিল আহমেদ, যিনি ‘চাইনিজ শাকিল’ নামে পরিচিত, এবং ব্যবসায়িক প্রতিনিধি ও কোম্পানি পরামর্শদাতা কে এম রাসেদুল কবির।
মেহেদী হাসান শাওনের নেতৃত্বে এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা, আন্তর্জাতিক মানের ফায়ার প্রোটেকশন পণ্যের ব্যবহার সম্প্রসারণ এবং বাংলাদেশের বাজারে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ তৈরি করা। এতে বাংলাদেশ-চীন ব্যবসায়িক সহযোগিতায় নতুন অধ্যায় সূচনা হবে।
চূড়ান্ত ব্যবসায়িক বৈঠক সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে উদ্যোগটির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার নতুন পথ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের ফায়ার প্রোটেকশন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
তবে বিনিয়োগ, চুক্তি স্বাক্ষর কিংবা পণ্য বাজারজাতকরণের নির্দিষ্ট সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //