Print Date & Time : 14 November 2026 Saturday 5:40 pm

বারাকা হাউস এগ্রো ফার্মকে জরিমানা

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে কৃষি জমির উপরি ভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটার অভিযোগে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

৭ মে রবিবার দুপুরে এ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন সিএমপি কর্ণফুলী থানার পুলিশ সদস্য, আনসার ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় দোষী সাব্যস্ত হয়ে চরলক্ষ্যার বারাকা হাউস খুররাম নাঈম নামক মুরগির ফার্ম তিন লাখ টাকা জরিমানা গুনেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার নাহিদুল হক। মোবাইল কোর্ট সূত্র জানান, মাটি খননকারী যন্ত্র দানব এক্সকাভেটর দিয়ে ফসিল জমির টপ সয়েল কর্তন করার দায়ে ‘বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা’ জমিমানা করা হয়। কেননা, বিনা অনুমতিতে কৃষি জমির উপরি ভাগ কেটে সাবাড় করেছিল মুরগির ফার্মটি।

ফলে একদিকে কৃষি জমিগুলোর উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে অপর দিকে ভারসাম্য নষ্ট হচ্ছে কৃষি পরিবেশের। এতে উপজেলার কৃষি উৎপাদন মারাত্মক ভাবে কমে যাওয়ার আশংকা তৈরী হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘জমির মালিকরা টপ সয়েল বিক্রির কুফল সম্পর্কে না জানার কারণে চিন্তা না করে নাম মাত্র মূল্যে মাটি বিক্রি করে দেয়। সাধারণ কৃষকের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘ফসলি জমি থেকে উপরের মাটি এক্সকাভেটর দিয়ে কেটে নেওয়ার ফলে আবাদি জমিগুলোর উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। ফসল উৎপাদনের জন্য মাটির যে গুণ থাকা দরকার তার সবটুকুই থাকে জমির উপরি ভাগের অংশে। ফলে, জমির উপরিই ভাগের অংশ আর টপ সয়েল কেটে নিলে তার উর্বরাশক্তি ফিরে পেতে সময় লাগে ১৫-২০ বছর।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//