গিয়াস রনি, নোয়াখালী : দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর সদস্যদের পুনরায় একত্রিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও করণীয় তুলে ধরতে ফেনীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে ফেনী পৌর মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিটের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর প্রশাসক মো. দিদারুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুন।
প্রশিক্ষণে দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যদের শনাক্তকরণ এবং তাদের পুনর্মিলনের বিভিন্ন কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার মো. নাজমুল হক।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও মুহাম্মদ রশীদ, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. মাহবুব আলম, জেলা তথ্য কর্মকর্তা এস. এম. আল আমিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আল ইমরান, শরীফুল ইসলাম অপু, নুর তানজিলা রহমান, মেজবাহ উদ্দিন মিয়াজিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।