Print Date & Time : 14 November 2026 Saturday 12:33 pm

বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড পেলেন সুফিয়া বেগম  

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতি সন্তান কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ন্যাশনাল ব্যাংক লিঃ এর ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত আছেন।

শনিবার (৩০ মার্চ) দুপুরে ময়মনসিংহের শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর পরেশচন্দ্র মোদক আনুষ্ঠানিকভাবে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট সহ বৃহত্তর জেলাগুলোর আঞ্চলিক পর্যায়ের ১৮জন গুণী মানুষকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১৮ গুণীজন হলেন শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে- কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক যতীন সরকার, মোঃ নূরুল ইসলাম, কবি সুফিয়া বেগম, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, গবেষণায়- ড. মির্জা মোফাজ্জল ইসলাম, ড. মো. মেহেদী মাসুদ, সমাজসেবায়- মো. আব্দুর রহিম খান (পিপিএম), চিত্রনায়িকা রোজিনা, এমএ মালেক, সাংবাদিকতায়- বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, সুবীর বসাক, ম.নূরুল ইসলাম, জীবন ইসলাম, হেমায়েত হোসেন, ফরিদ খান, মো. আলতাব হোসেন ও মো. বাবুল হোসেন।

বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন সরকার বলেন, ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটি’র উদ্যোগে ২০১২ সাল থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।  

উল্লেখ্য, কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগমের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন উত্তর শেরপুর গ্রামে। তাঁর পিতা মরহুম আব্দুল কাদের আকন্দ ও মাতা মরহুমা রাশেদা খাতুন।

শিয়াক//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ ২০২৪//