Print Date & Time : 12 November 2026 Thursday 7:29 am

বৃষ্টি ও প্রশ্নপত্র নিয়ে ক্ষোভ, কুড়িগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি পরীক্ষার্থীদের

শাহীন আহমেদ, কুড়িগ্রাম : এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং সাম্প্রতিক বৃষ্টিজনিত ভোগান্তির প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাকিব আল হাসানসহ অনেকে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষার্থীদের সমস্যা বিবেচনা না করেই পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। তারা বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যেই পরীক্ষা হওয়ায় অনেক পরীক্ষার্থীকে পানি, কাদা পেরিয়ে এবং বৃষ্টিতে ভিজে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করেও কেন্দ্রে পৌঁছেছেন। এতে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে।

তাদের দাবি, যতদিন জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি থাকবে এবং আবহাওয়া পরীক্ষার অনুকূলে না আসবে, ততদিন পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় নেননি।

এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়েও আপত্তি জানান তারা। ভুল প্রশ্নপত্র তৈরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান পরীক্ষার্থীরা।

তারা বলেন, কঠিন প্রশ্ন নিয়ে তাদের আপত্তি নেই। তবে শিক্ষার্থীরা যে পাঠ্যসূচি অনুযায়ী প্রস্তুতি নিয়েছে, সেই অনুযায়ী মূল্যায়ন করা উচিত।

এদিকে, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দাবিও জানান আন্দোলনকারীরা।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।