Print Date & Time : 14 November 2026 Saturday 8:07 am

বেগমগঞ্জে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ২৪

গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, টুর্নামেন্টের ম্যাচে চৌমুহনী মোদন মোহন উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর এম.এ. মতিন দাখিল মাদরাসার দল অংশ নেয়। খেলা পরিচালনা ও রেফারিং নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

আহতদের মধ্যে দুর্গাপুর এম.এ. মতিন দাখিল মাদরাসার চার শিক্ষক, ১৫ শিক্ষার্থী ও একজন কর্মচারী রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্গাপুর মাদরাসার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্ধারিত ক্রীড়া শিক্ষকের পরিবর্তে অন্য শিক্ষক দিয়ে খেলা পরিচালনা করায় প্রতিবাদ করলে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী হামলা চালায়।

তবে অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে খেলা শেষ করার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান জানিয়েছেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। তাদের তদন্তে বড় ধরনের সংঘর্ষের তথ্য পাওয়া যায়নি।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।