Print Date & Time : 13 November 2026 Friday 8:58 am

ব্যতিক্রমধর্মী উদ্যোগে মুগ্ধ কুষ্টিয়ার ডিসি

কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে নতুন প্রাণ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ সকলের নজর কেড়েছে।

মাঠের একপাশে সারি সারি গাছ লাগানো হয়েছে, যা বড় হলে মাঠজুড়ে ছায়া দেবে। সেইসঙ্গে বসার জন্য বসানো হয়েছে লোহার বেঞ্চ – যেন খেলা দেখতে আসা দর্শক ও সাধারণ মানুষ বিশ্রাম নিতে পারেন।

এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করেছেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম।

সোমবার সকালে মাঠ পরিদর্শনে এসে কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বেঞ্চে বসে নিজের চোখে উপভোগ করেন পরিকল্পনার সুফল। নিজেই এক বেঞ্চে বসে সময় কাটান ও তিনি বলেন, “জনগণের জন্য এমন ছোট ছোট উদ্যোগই তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি এনে দেয়। ইউএনও’র কাজ প্রশংসার দাবি রাখে উল্লেখ করে তিনি বলেন, এমন উদ্যোগ আমাদের সব উপজেলায় ছড়িয়ে দিতে হবে। এটি শুধু মাঠ নয়, একটি মানবিক ও পরিবেশবান্ধব চিন্তার প্রতিফলন।”

স্থানীয়রা জানান, “এই মাঠে আগে রোদে দাঁড়িয়ে খেলা দেখতে হতো, এখন ছায়া ও বসার জায়গা আছে।” “শিশুদের জন্য এমন গাছপালা ও খোলা জায়গা হওয়া জরুরি ছিল।”

ক্রীড়াপ্রেমী রেজাউল করিম বলেন, “এই মাঠেই আমাদের সন্তানরা খেলে, পরিবার নিয়ে আসা যায়। গাছ, ছায়া, বেঞ্চ – এগুলো সত্যিই চিন্তার বাইরে ছিল।” এই উদ্যোগ কেবল মাঠ নয়, মানুষের মনও সবুজ করে তুলছে।

মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলামের তত্ত্বাবধানে মাঠের একপাশে প্রায় ৩০ টির বেশি ছায়াদানকারী গাছ লাগানো হয়েছে। সেইসাথে দর্শনার্থীদের বসার সুবিধার্থে বারোটি লোহার বেঞ্চ বসানো হয়েছে।

তিনি বলেন, উপজেলার প্রাণকেন্দ্রের অন্যতম খেলার মাঠটিতে এখন শুধু খেলা নয়, মিলছে বিশ্রাম ও সৌন্দর্য উপভোগের সুযোগও। এর উদ্দেশ্য হলো এখানে পরিবেশবান্ধব মাঠ তৈরি
, শিশু-কিশোরদের জন্য খেলার নিরাপদ ও ছায়াঘেরা জায়গা
বয়স্ক ও দর্শকদের জন্য বিশ্রামের সুযোগ সৃষ্টি এবং নগরায়নের মাঝেও সবুজায়নের উদ্যোগ। ভবিষ্যতে এখানে আরও সবুজায়ন, সৌরবাতি স্থাপন এবং খেলার সরঞ্জাম সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি নিঃসন্দেহে ‘সবুজ মিরপুর, সুন্দর মিরপুর’ গড়ার পথে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি।