Print Date & Time : 14 November 2026 Saturday 12:48 pm

ভালুকায় অস্ত্র ও মাদক জব্দ, দুইজনকে আদালতে সোপর্দ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করে এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

উপজেলার জামিরদিয়া গ্রামের ইম্প্রেসিভ মোড় এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ সবুজ মিয়ার বাড়ীতে ওই অভিযানে মাদক ব্যবসাযী মোঃ সবুজ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২৮) ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হান্নান মিয়ার ছেলে আবু রায়হান (২৭)কে গ্রেফতার করা হয়।

২১ জুন (শনিবার) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।
পুলিশ জানায়, মাদক কেনা বেঁচার গোপন সংবাদ পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার জামিরদিয়া ইম্প্রেসিভ মোড় এলাকার মাদক ব্যবসায়ী মোঃ সবুজ মিয়ার বাড়ীতে অভিযান চালায় মডেল থানা পুলিশ। ওই অভিযানে সবুজের বসতঘর থেকে ১০১পিস ইয়াবা টেবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা, দেশীয় অস্ত্র ও ৫টি মোবাইল ফোন জব্দ করেন।
এ সময় মাদক ব্যবসায়ী সবুজ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার ও আবু রায়হানকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ মিয়া পালিয়ে যায়।
পরে ওই ঘটনায় ভালুকা মডেল থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে তিনজনকে আসামী করে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আটককৃত দুইজনকেই আদালতে সোপর্দ করেন।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মাদক ব্যবসায়ী সবুজ মিয়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।