Print Date & Time : 13 November 2026 Friday 2:48 pm

ভালুকায় এলপিজি গ্যাসের বাড়তি দাম: ৫৫ হাজার টাকা জরিমানা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বোতলজাত এলপিজি গ্যাস বাড়তি দামে বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৩৯ ও ৪০ ধারায় মনিটরিং ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বাড়তি দামে বিক্রি করায় বোতলজাত গ্যাসের ডিলার মেসার্স ব্রাদ্রার্স এন্টারপ্রাইজ ৫০ হাজার ও খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, সিডস্টোর বাজারে অবস্থিত গ্যাসের ডিলার মেসার্স ব্রাদ্রার্স এন্টারপ্রাইজে ও খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্সে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা প্রকাশ্যে প্রদর্শন করা হয়নি। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।