Print Date & Time : 14 November 2026 Saturday 7:39 am

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:– ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে রাজু আহমেদ (৬৫) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকার মৃত সায়েম উদ্দিনের ছেলে।

জানা যায়, নিহত রাজু আহমেদ ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় তার ছোট বোন লাকি আক্তারের বাসায় থেকে রাজযোগালি সহ দিন মজুরের কাজ করতো। ঘটনার দিন সকালে সিডস্টোর এলাকায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান রাজু। পরে সিডস্টোর কাঁচা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//