শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও আলিম পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা মো. আলতাফ হোসাইন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার সাইফুর রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।
জানা যায়, বুধবার আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র পরীক্ষায় নাগেশ্বরী কামিল মাদরাসার অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে ভুল করে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা পর কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি ইউএনওর নজরে আসে।
পরে পাশের উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার্থীর জন্য নির্ধারিত প্রশ্নপত্র সংগ্রহ করা হয়। অতিরিক্ত সময় দিয়ে ওই পরীক্ষার্থীর পরীক্ষা শেষ করার ব্যবস্থা করা হয়।
ঘটনার পর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. মাহবুবুল আলমকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে কেন্দ্র সচিব মাওলানা মো. আলতাফ হোসাইন দাবি করেন, অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র তাদের কেন্দ্রে পাঠানো হয়নি। তার ভাষ্য, প্রশ্নপত্রটি নাগেশ্বরী কামিল মাদরাসা কেন্দ্রে ছিল। কেন্দ্র পরিবর্তনের পর সেখান থেকে প্রয়োজনীয় প্রশ্নপত্র সরবরাহ না করায় এ সমস্যা তৈরি হয়েছে।
ইউএনও অমৃত দেবনাথ জানান, পরীক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। দায়িত্বে অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।