Print Date & Time : 16 November 2026 Monday 8:52 am

ভেড়ামারায় পদ্মপুরাণ গানের আসর অনুষ্ঠিত

জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কালের গর্ভে হারিয়ে যেতে বসা গ্রামীণ লোকসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পদ্মপুরাণ বা মা মনসামঙ্গল গানের আসর কুষ্টিয়া জেলার ভেড়ামারাতে আবারও ফিরিয়ে এনেছে এক উৎসবমুখর পরিবেশ।

গত বুধবার থেকে শুরু হয়ে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত এই ‘পদ্মপুরাণ উৎসব’ শনিবার (১০ অক্টোবর) শেষ হয়।

এ গীতিনাট্য উৎসব ঘিরে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মুন্সির গেটে যেন জমে উঠেছিল এক গ্রামীণ মিলনমেলা, দর্শকের উপচে পড়া ভিড়ে মুখর ছিল পুরো বাড়ীর আঙ্গিনা।

স্থানীয় বাসিন্দা মোঃ ইউনুচ আলীর উদ্যোগে তার মেয়ের সুস্থতার জন্য আয়োজিত এ উৎসবে পদ্মপুরাণ, বেহুলা-লখীন্দর এবং শিব-পার্বতীর নানা পালা পরিবেশন হয়। সেখানে পুরুষ শিল্পীরা নারী চরিত্রে অভিনয় করে দর্শকদের চোখে এক অদ্ভুত আবেগঘন বাস্তবতার ছোঁয়া এনে দেন।

পদ্মপুরাণ গানের ৪ দিনব্যাপী উৎসব শুধু একটি গানের আসর নয়, এটি ছিল হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক আবেগঘন পুনরাগমন। যেখানে বেহুলার কান্না, শিব-পার্বতীর প্রেম, দেবতার অভিশাপ মিলিয়ে এক রঙিন শিল্পময় সন্ধ্যার সাক্ষী হলো ভেড়ামারার মানুষ। এ আয়োজন যেন স্মরণ করিয়ে দিল গ্রামবাংলার প্রাণ এখনও হারায়নি, শুধু অপেক্ষা করছে কে তাকে আবার জাগিয়ে তুলবে।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //