Print Date & Time : 10 November 2026 Tuesday 5:08 pm

ভেড়ামারায় বিশ্বাস নার্সারিতে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর রাতে বিশ্বাস নার্সারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নার্সারির মালিক নিহার রঞ্জন বিশ্বাস।

রোববার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া, ক্ষেমিদিয়ার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নার্সারির মালিক নিহার রঞ্জন বিশ্বাস। পরে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সহায়তায় সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, বিশ্বাস নার্সারি স্টোর রুমে আগুন ধরে নার্সারিতে ব্যবহৃত কীটনাশক ও নার্সারির সরঞ্জাম ও বিদ্যুতের মিটার পুড়ে যায়।

এদিকে এলাকাবাসীর দাবি, গত কয়েক দিন ধরে ওই এলাকায় পানবরজসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

এসব ঘটনার পেছনে কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //