স্টাফ রিপোর্টার : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকযাত্রা উপলক্ষে ইরাকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজন তদারককারী উচ্চপর্যায়ের কমিটি।
সোমবার কমিটির মুখপাত্র সাদ মান জানান, মঙ্গলবার (৭ জুলাই) নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ইরাকি কর্মকর্তারা এবং ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের উপস্থিতিতে আয়াতুল্লাহ খামেনির মরদেহ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, বুধবার (৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টায় কারবালায় সর্বসাধারণের অংশগ্রহণে জানাজা ও শোকযাত্রা শুরু হবে।
অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় যেকোনো ধরনের উড়োজাহাজ চলাচল, এমনকি কোয়াডকপ্টার ও ড্রোন ওড়ানোও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান সাদ মান।
কমিটির তথ্য অনুযায়ী, নাজাফে প্রায় ৬ কিলোমিটার এবং কারবালায় ৫ দশমিক ৮ কিলোমিটার পথজুড়ে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৫০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
জানাজার অনুষ্ঠানটি দেশি-বিদেশি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের জন্য ইরাক, আরব বিশ্ব এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তিন হাজারের বেশি সাংবাদিক উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠান সম্প্রচারের জন্য ২ হাজার ৫০০টি ক্যামেরা এবং ২৩টি সরাসরি সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হয়েছে।
শোকাহত মানুষের সেবায় নাজাফে ৩৫০টি এবং কারবালায় ৪০০টির বেশি মাওকিব (অস্থায়ী সেবাকেন্দ্র) স্থাপন করা হয়েছে।
সাদ মান জানান, পুরো অনুষ্ঠানের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ/হাশদ আল-শাবি), ইরাকি পুলিশ এবং দেশটির সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এর প্রায় চার মাস পর, গত শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
পরবর্তীতে শনিবার ও রোববার বিদায় অনুষ্ঠান এবং জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।
এদিকে শোকানুষ্ঠান ইরানের পবিত্র শহর কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় অব্যাহত থাকবে। আগামী বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।