Print Date & Time : 11 November 2026 Wednesday 12:25 pm

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান ভূমি সেবা উদ্বোধন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভ্রাম্যমান ভূমি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
খাগড়াছড়ি তথা চট্টগ্রাম বিভাগে এটিই প্রথম ভ্রাম্যমান ভূমি সেবা।

আজ শনিবার (৭ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ভুমি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন ভ্রাম্যমান ভূমি সেবার বিষয়ে বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা প্রদান করেন।

এ সময় মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন, উপজেলা মডেল মসজিদের ইমাম মো: মামুনুর রশিদ ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক অন্তর মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

ভ্রাম্যমান ভূমি সেবার মধ্য দিয়ে পাহাড়ে নতুন দিগন্তের সূচনা হলো মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, দালালের দৌরাত্ম ও নাগরিকদের খরচ কমাতে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এই ভ্রাম্যমাণ ভূমি সেবাটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়ন পরিষদে ভূমি সংক্রান্ত সকল সেবা কার্যক্রম চলবে বলে তিনি জানান।

মাটিরাঙ্গা ভূমি অফিসের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, ভ্রাম্যমান ভূমি সেবার ফলে ভূমি সংক্রান্ত কাজের ইতিবাচক পরিবর্তন ঘটবে। একই সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে এটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করেন তারা। এ সেবাটি চলমান রাখার জন্য অভিমত ব্যক্ত করেন তারা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, পাহাড়ের দূর্গমতার কারনে যাতায়াতে কিছু জটিলতা হয় সেজন্য মাটির সেবা মানুষের কাছে দিতে এটি একটি অনন্য উদ্যোগ। সাপ্তাহের একটি দিন হলেও জনগণের দোড় গোড়ায় গিয়ে ভূমি অফিস ভ্রাম্যমান সেবা প্রদান করবে।

স্মার্ট বাংলাদেশ গড়ার পথে ভ্রাম্যমান ভূমি সেবা একটি ব্যাতিক্রমী উদ্যেগ মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ভূমি সেবা প্রাপ্তিতে অনেক ভোগান্তি রয়েছে। দীর্ঘদিনের এ ভোগান্তি নিরসনে এরকম উদ্যোগ সুবজ পাহাড়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

দৈনিক দেশতথ্য//এইচ/