Print Date & Time : 12 November 2026 Thursday 9:11 am

‘মামু-খালুর হাতে বায়োডাটা দিয়ে ভালো চাকরি পাওয়া সম্ভব নয়’

কুষ্টিয়া প্রতিনিধি: ‘নিজের মেধা, বুদ্ধি, সম্পন্নতা ও স্মার্টনেস দেখিয়ে নিজেকে যোগ্য প্রমাণিত করে চাকরির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য লেখাপড়ার পাশাপাশি জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার কোনো বিকল্প নেই। মনে রাখবে, নিজের বায়োডাটা দিয়ে মামু-খালু কিংবা শ্বশুরের হাতে ধরিয়ে ভালো চাকরি অর্জন সম্ভব নয়।’

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী এবং ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী ও কর্মক্ষেত্রে এর ভূমিকা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আমলা কলেজ ছাত্রদলের সভাপতি মো. আলম চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইস্তিয়ার আহমেদ রাফি।

শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, ‘ছেলে বা মেয়েকে ইংরেজি এবং কম্পিউটার ভালো জানতে হবে। বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, নিজেকে কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে হবে।’

চাকরির সাক্ষাৎকারে প্রার্থীর আচরণ ও শিষ্টাচারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সালাম প্রদানও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় চাকরি প্রত্যাশী ভেতরে প্রবেশের সময় সালাম দিয়ে ঢুকতে হয়। সেক্ষেত্রেও সঠিকভাবে সালাম প্রদান হয়েছে কি না, সেটিও ফলো করে।’

তিনি বলেন, ‘নিজের যোগ্যতা, দক্ষতা ও জ্ঞান দিয়ে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে চাকরির জন্য কারও সুপারিশের প্রয়োজন না হয়। লেখাপড়ার পাশাপাশি ইংরেজি, কম্পিউটার ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহা. আব্দুল লতিফ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মামুনুর রশীদ সিদ্দিকী, মো. নাহিদুল ইসলাম সোহান এবং কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার তসলিম উদ্দিন নিশাত।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সমসাময়িক জ্ঞান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //