মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের মেহেরনগর ডন ক্লাব ও আরসিসি আজমপুরের আয়োজনে শুরু হয়েছে ডা. তানজিলার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার (১৭ অক্টোবর) কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পুটিমারী ফুটবল একাদশ ও ছত্রগাছা নবারুণ ক্লাব। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় গোলশূন্য অবস্থায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে ছত্রগাছা নবারুণ ক্লাব ৪-৩ গোলে পুটিমারী ফুটবল একাদশকে পরাজিত করে। এ জয়ের মধ্য দিয়ে ছত্রগাছা নবারুণ ক্লাব টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।
উদ্বোধনী ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পুটিমারী ফুটবল একাদশের গোলরক্ষক সাব্বির। মন্ডল স্পোর্টসের সৌজন্যে তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরসিসির সভাপতি মো. রফিকুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফুটবলপ্রেমী দর্শক ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ আই হসপিটাল ফাউন্ডেশন কুষ্টিয়া এবং ডা. তানজিলার রহমান ফাউন্ডেশন।
স্থানীয় ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে মিরপুরের গ্রামীণ ফুটবলে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //