Print Date & Time : 11 November 2026 Wednesday 11:01 pm

মিরপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, রেশমা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ইউপি সদস্য রেশমা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিনের হয়রানি, চাঁদাবাজি, মিথ্যা মামলা ও অর্থের বিনিময়ে ইউনিয়নের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার চিথলিয়া ইউনিয়নের সানি মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা অংশ নিয়ে রেশমা বেগমকে ইউপি সদস্য পদ থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে রেশমা বেগম বিভিন্ন অজুহাতে এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করে আসছেন। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে মানুষকে চাপে রাখা এবং অর্থ আদায় করা তার অন্যতম হাতিয়ার। এ ছাড়া অর্থ লেনদেনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেয়ার অভিযোগও তোলেন তারা।

সম্প্রতি চিথলিয়া গ্রামের রতন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় প্রকাশ্যে প্রতিবাদ ও মানববন্ধনের কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয়দের দাবি, ১৯৯৬ সালে ঢাকা থেকে এলাকায় আসার পর থেকেই রেশমা বেগমের বিরুদ্ধে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলার ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই বিভিন্ন দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা তার হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন তারা। প্রয়াত চেয়ারম্যান হাসেম আলী এবং ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি গোলাপ মেম্বারও বিভিন্ন সময়ে তার কর্মকাণ্ডের শিকার হয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধন চলাকালে বিএনপি নেতা পিন্টুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আয়োজকদের অভিযোগ, রেশমা বেগম ও তার স্বামী মানববন্ধনে অবস্থানরত পিন্টুর ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করেন। পরে রেশমা বেগমের মাটিতে শুয়ে গড়াগড়ি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করতে হবে। একই সঙ্গে সরকারি সুযোগ-সুবিধা বিতরণে অনিয়ম, অর্থ লেনদেন এবং হয়রানিমূলক মামলার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //