Print Date & Time : 13 November 2026 Friday 4:09 am

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান

নাজমুল হাসান:
কুষ্টিয়া-২ আসনের স্বাস্থ্যখাতে এক ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে। সংসদ সদস্য আব্দুল গফুর এমপি হওয়ার আগেই উদ্যোগ নিয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করেন।

এর আগে জনবহুল এই এলাকায় মাত্র ৩–৪ জন চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। নতুন ৮ জন চিকিৎসক যোগদানের ফলে চিকিৎসাসেবার মান ও গতি—দুই ক্ষেত্রেই দৃশ্যমান উন্নয়ন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শপথ গ্রহণ উপলক্ষে ঢাকায় অবস্থান করলেও এমপির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা আমির খন্দকার রেজাউল করিম ও নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন। জনস্বার্থে এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এটি কুষ্টিয়া-২ আসনে স্বাস্থ্যখাতে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন, জেলার সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকল সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় জরুরি। তিনি বলেন, “পুরো কুষ্টিয়া জেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বর্তমানে পর্যাপ্ত লজিস্টিক সুবিধা নেই। তবে আমার চেষ্টার কোনো কমতি নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।”
তিনি আরও নিশ্চিত করেন যে, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন এমবিবিএস চিকিৎসক ইতোমধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

এদিকে কুষ্টিয়া-২ আসনের মাননীয় এমপি আব্দুল গফুর জানান, গত ১৭ তারিখে সংসদ সদস্যদের শপথ গ্রহণ উপলক্ষে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং শিগগিরই নিজ এলাকায় ফিরবেন। তিনি প্রতিশ্রুতি দেন, এলাকার জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন। সাধারণ জনগণের সেবায় তার মূল লক্ষ্য।