Print Date & Time : 13 November 2026 Friday 4:27 pm

মেলান্দহের সিনেমা হলে আবার জমেছে ভিড়

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : নতুন সিনেমা হলে এলেই টিকিট কাউন্টারে নারী-পুরুষের লম্বা সারি দেখা যেতো। কখনো কাউন্টারে থাকা লোকটি বলে উঠতো আজ আর টিকিট বিক্রি হবে না, হাউজ ফুল। দর্শকদের বিষণ্ণ মনে ফিরে যেতে হতো।

কালের বিবর্তনে প্রযুক্তির উন্নয়নের ফলে ভাটা পড়েছে সিনেমা হলে। আগের মত কাউকে সিনেমা হলে যেতে দেখা  যায়না। বর্তমান সময়ে ইন্টারনেট  ব্যাবহার করে সকল সিনেমা এখন মোবাইল ফোনেই দেখা হয়ে যায়। তাই আর টিকিট কেটে হলে গিয়ে সিনেমা দেখার প্রয়োজন পড়ে না। এর ফলে বন্ধও হয়ে গেছে অনেক সিনেমা হল। সিনেমা হল গুলোতে গড়ে উঠেছে এখন আবাসিক হোটেল, রেস্টুরেন্ট বা ব্যবসায়ী প্রতিষ্ঠান।

ঈদে মুক্তি পাওয়া নতুন কিছু সিনেমার ট্রেইলার দেখে আবারও দর্শক ভিড়তে শুরু করেছে সিনেমা হলে। এমন চিত্রই দেখা গেছে জামালপুরের মেলান্দহ উপজেলার আশা সিনেমা হলে।

জামালপুরের মেলান্দহের আশা সিনেমা হলে আবারো ভিড়তে শুরু করেছে দর্শক। লাইন ধরে টিকিট সংগ্রহ করে সিনেমা দেখছে হাজারো দর্শক।

আশা সিনেমা হলে রায়হান রাফি পরিচালিত বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

দর্শক ও হল মালিকরা ধারণা করছেন ২০১৯ সালে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী মিন্নির উপস্থিতিতে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে জখম করার যে ঘটনা, সেই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি।

তাই দর্শকদের মনে দেখার আগ্রহ বেড়েই চলছে।

এমন সিনেমা নির্মিত হওয়ায় কালের বিবর্তনে বন্ধ হয়ে যাওয়া হলে নতুন করে বিনিয়োগ করে লাভের আশা করছেন সিনেমা হল মালিকরা। 

আশা সিনেমা হলে প্রতিদিন ৪টি করে সো চলছে। প্রতিটি সো তে শখানেক দর্শক সিনেমা দেখতে আসে। প্রতিটি টিকিট মূল্য ৬০টাকা।

মাদারগঞ্জ উপজেলা থেকে আশা সিনেমা হলে পরাণ সিনেমা দেখতে এসেছে ফজলুল হুক নামের এক দর্শক।

তিনি বলেন, আমার উপজেলায় সিনেমা হল নে বলে পরাণ সিনেমা দেখার জন্য মেলান্দহের এই আশা সিনেমা হলে আসছি সিনেমা দেখার জন্য। সিনেমাটি আগের সিনেমা গুলোর চেয়ে অনেক ভিন্ন। এবংকি এটি পরিবারসহ নিয়ে দেখার মত একটি ছবি।তাই দেখে অনেক ভাল লাগলো। এমন সিনেমা হলে আসলেই দেখতে আসবো।

আরেক দর্শক রকিব হাসান নয়ন বলেন, সিনেমাটি বাস্তবের সাথে মিল রেখে নির্মাণ করেছে তাই এটি দেখার অনেক আগ্রহ ছিলো। আজ দেখলাম, দেখেও অনেক ভাল লাগলো। বিশেষ করে শরিফুল রাজের নায়ক চরত্রটি ভাল লেগেছে। এটি দেখার মত একটি সিনেমা।অনেকেই পরিবার নিয়েও দেখতে এসেছে। আমি চাই এমন সিনেমাই নির্মাণ হোক।

হলের টিকিট কাউন্টারে থাকা নূর মোহাম্মদ বলেন, ঈদের আগে থেকে নতুন কয়েকটি সিনেমা চালাইছি তেমন দর্শক আসেনি তবে এবার পরাণ সিনেমা আসার পর থেকেই দর্শকের আনাগোনা শুরু হয়েছে। প্রতিদিন প্রায় ৫০থেকে ১০০টি টিকিট বিক্রি হচ্ছে। 

আশা সিনেমা হল মালিক আব্দুল মান্নান জানান, ঈদের আগে থেকে শুরু করে অমানুষ , শান, তালাশ এই সিনেমা গুলো চালিয়ে লোকসান গুনতে হয়েছে। তবে পরাণ সিনেমা দেখতে দর্শকের ভিড় জমেছে। এবার হয় লোকসান কাটিয়ে উঠতে পারবো। এই ধরনের সিনেমা নির্মাণ হলে হয়তো আগের মত দর্শক হলে ভিড়তে পারে বলে আশা করি। এর পরবর্তী হাওয়া সিনেমাটি আলোচনায় রিয়েছে সেটিও আনার পরিকল্পনা রয়েছে।

আর//দৈনিক দেশতথ্য/১১ আগষ্ট-২০২২