Print Date & Time : 16 November 2026 Monday 11:20 pm

মেলান্দহে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকার দানাভাঙা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় কয়েকজন খালে মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে তারা মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি ফুলে-ফেঁপে গেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এছাড়া হাতের আঙুল নষ্ট হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি খালে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।