মোঃ ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার রাজশাহী মহানগরীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজউদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উপ-মহাব্যবস্থাপকগণ, ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপকসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাঁদের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় রাকাব প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় রাজশাহী, বিভাগীয় নিরীক্ষা কার্যালয় রাজশাহী, প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা কর্পোরেট শাখা, স্থানীয় মুখ্য কার্যালয় এবং এসইসিপি রাজশাহী-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। খেলাধুলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও কর্মচাঞ্চল্য বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন আয়োজকরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।