Print Date & Time : 17 November 2026 Tuesday 4:33 pm

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজ অর্থায়নে ঝুঁকিপূর্ণ সেতুর ধসে যাওয়া অংশ সংস্কার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াত নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী। তাঁর এ উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে আপাতত স্বস্তি ফিরেছে ৬ থেকে ৭টি গ্রামের মানুষের চলাচলে।

উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের ৬ নম্বর সমেষপুর ওয়ার্ডের আলীপুর-শাকতলা সড়কের রেনেসা কিন্ডারগার্টেন সংলগ্ন সেতুটির দুই পাশের মাটি ধসে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হতে হতো পথচারী ও বিভিন্ন যানবাহনকে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও অসুস্থ রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

এমন পরিস্থিতিতে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যক্তিগত অর্থায়নে সেতুটির ধসে যাওয়া গোড়া সংস্কারের উদ্যোগ নেন ৩ নম্বর ভাদুর ইউনিয়নের ৬ নম্বর সমেষপুর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য পদপ্রার্থী জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী। গত রোববার (৮ নভেম্বর) রাতে তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর সহযোগিতায় সংস্কারকাজ সম্পন্ন করেন।

স্থানীয় বাসিন্দা ফারুক তপদার, সালাউদ্দিন, ব্যবসায়ী নুরুল আমিন শেখ, নুরুল হক মেস্তুরী ও রিকশাচালক ফরিদ পাটোয়ারীসহ অনেকে জানান, সেতুটির দুই পাশের মাটি ধসে যাওয়ায় দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। সমেষপুর, সিরুন্দী, শাকতলা, নাগমুদ ও দেহলাসহ আশপাশের ৬ থেকে ৭টি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এ সড়কটি। প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এ পথ ব্যবহার করে।
তাঁরা বলেন, সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী দুর্ভোগে ছিলেন। এমন সময়ে রুবেল পাটোয়ারী নিজ উদ্যোগে ও অর্থায়নে সংস্কারকাজ করে দেওয়ায় আপাতত চলাচলে স্বস্তি ফিরেছে। তাঁর এ জনকল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এলাকাবাসী আরও জানান, রুবেল পাটোয়ারী বিগত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকা-ে সহযোগিতা করে আসছেন। এর আগেও তিনি নিজ উদ্যোগ ও অর্থায়নে স্থানীয় কয়েকটি সড়ক সংস্কারে ভূমিকা রেখেছেন।

সচেতন মহলের মতে, জনপ্রতিনিধি কিংবা সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা এভাবে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলে সাধারণ মানুষের অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব। তবে ব্যক্তিগত উদ্যোগে সেতুটির সাময়িক সংস্কার হলেও জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত স্থায়ী ও টেকসই সংস্কার বা পুনর্র্নিমাণ করা জরুরি।
মানুষের দুর্ভোগে পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও রুবেল পাটোয়ারীর মতো সমাজের সচেতন ব্যক্তিরা জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //