Print Date & Time : 14 November 2026 Saturday 7:00 am

রাষ্ট্রপতির পদ নিয়ে গুঞ্জনের মধ্যেই দেশে ফিরলেন স্পিকার 

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরেছেন।

শুক্রবার (তারিখ) দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল।

তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানানো হলে স্পিকার সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সফরসূচি অনুযায়ী স্পিকারের ২৬ জুলাই ফেরার কথা ছিল। কিন্তু সরকারের উচ্চপর্যায়ের অনুরোধে তিনি শুক্রবারই দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের কারণেই স্পিকারের দ্রুত দেশে ফেরার বিষয়টি আলোচনায় এসেছে বলে ওই কর্মকর্তা জানান। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সে ক্ষেত্রে বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন। তবে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।