শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট থেকে:জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে এবার শিশুসহ ৪ রোহিঙ্গা নাগরিক কে আটক করেছে বিজিবি।
আটক রোহিঙ্গা পরিবারটি পাটগ্রাম থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের রোহিঙ্গা পরিবারটি তিন বিঘা করিডর দিয়ে প্রবেশ করে। কিছুক্ষণ দহগ্রামে ঘোরাফেরা করার পর তারা সীমান্ত অতিক্রম চেষ্টা করতে গেলে নোম্যান্সল্যান্ডে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি তাদের আটক করে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
আটককৃত রোহিঙ্গারা টেকনাফ সেকমারকুল ২১ রিফুজি রোহিঙ্গা ক্যাম্পের মৃত ইউনুস আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৪), আব্দুল্লাহর স্ত্রী মোছাঃ শরিফা বেগম (১৯), একই ক্যাম্পের শামছুল হকের মেয়ে মোছাঃ আমেনা বেগম (১৫), আব্দুল্লাহ – শরিফা দম্পত্তির কন্যা শিশু মোছাঃ রিনাস বিবি (২৭ মাস)।
পাটগ্রাম থানার পুলিশের ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা জানান, আটককৃত রোহিঙ্গারাদের তথ্য যাচাই-বাছাই করে পুনরায় টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ফিরত পাঠানো হবে।
শনিবার দুপুর পর্যন্ত তারা পুলিশ হেফাজতে আটক রয়েছে। এর আগে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দহগ্রাম-আঙ্গরপোতায় সীমান্তে মোছাঃ রমিদা(২৩) নামের এক তরুণী কে বিজিবি আটক করে ছিল। সে উখিয়া বালু খালি রোহিঙ্গা ক্যাম্পের ১৬ এর ব্লক সি ১২ বাসিন্দা ছিল। ধারণা করা হচ্ছে দহগ্রাম সীমান্ত মানবপাচারের নিরাপদ রুটে পরিনত হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//