Print Date & Time : 15 November 2026 Sunday 3:20 am

শয়তান দেখলে ‘আউযুবিল্লাহ’ ও জামায়াত-শিবির দেখলে ‘নাউযুবিল্লাহ’ বলতে হবে—ঢাবি ছাত্রদল নেতা হামিম

ওপেলিয়া কনি, কুষ্টিয়া // নতুন বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র সংস্কারে তরুণ প্রজন্মের ভাবনা ও আকাঙ্ক্ষাকে তুলে ধরতে কুষ্টিয়ার মিরপুরে ব্যতিক্রমী এক ‘জেন-জি কার্নিভাল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মিরপুর উপজেলা ফুটবল মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই বিশাল উৎসবের আয়োজন করা হয়। কয়েক হাজার ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রাজনৈতিক আলোচনার পাশাপাশি তরুণদের মিলনমেলায় পরিণত হয়।

​উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের মেধা ও দক্ষতাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। কেবল কাগুজে পরিকল্পনা নয়, তরুণদের বাস্তবসম্মত পরামর্শই হবে রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি।” এসময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বক্তারা বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম জামায়াতে ইসলামীকে দাজ্জালের সঙ্গে তুলনা করে বলেন, “এক হাতে জান্নাত আর অন্য হাতে জাহান্নাম দেখিয়ে জামায়াত আজ দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শয়তান দেখলে যেমন আউযুবিল্লাহ বলতে হয়, তেমনি জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে।”

​একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, “ছাত্রলীগ যেমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তেমনি ছদ্মবেশী শিবিরের কর্মীরাও ভেতরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আগামী ১২ তারিখ জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সকল অপতৎপরতাকে লাল কার্ড দেখাবে।”

​জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির সভাপতিত্বে এবং সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ছাত্রদল নেতা তানভীর আল হাদী, শেখ নুর উদ্দিন আবির ও ছাত্রী নেত্রী জাহিন বিশ্বাস এষা।
মিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আতিকুর রহমান তুষার ও সদস্য সচিব ছাব্বির আহমেদ।
বক্তারা ঐক্যবদ্ধভাবে মেধাভিত্তিক রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেন-জি কার্নিভালের সমাপ্তি ঘটে।

ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//৩০ জানুয়ারি ২০২৬//