Print Date & Time : 14 November 2026 Saturday 8:12 pm

শহীদ নূর হোসেন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ১০ নভেম্বর আজ, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে (১০ নভেম্বর) তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন।

বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে মিছিলের অগ্রভাগে ছিলেন তিনি। গুলিস্তানে জিরো পয়েন্টের কাছে মিছিলে তাকে গুলি করে হত্যা করে এরশাদের লেলিয়ে দেওয়া পুলিশ। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।

দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেনের মহান আত্মত্যাগ একটি তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী ঘটনা। নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //