স্টাফ রিপোর্টার : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ আয়োজন একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগে হচ্ছে বলে স্পষ্ট করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আয়োজক ভারত সরকার নয়; এটি একটি বেসরকারি মিডিয়া সংস্থার উদ্যোগ। ফলে এ অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা বা সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, ওই সংবাদ সম্মেলনের মঞ্চ থেকে যে বক্তব্য উপস্থাপিত হবে, তার প্রতি ভারত সরকারের কোনো সমর্থন নেই। পাশাপাশি, ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্য বা মতামতের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্কও নেই বলে তিনি স্পষ্ট করেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।