Print Date & Time : 12 November 2026 Thursday 10:38 pm

শেখ হাসিনার ৩টি মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলীয় নেতা কর্মীরা ৩টি স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বুধবার সকাল ১১টায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহাবুবুর রহমানের কাছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেন।

এরপর দুপুর ২টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহকারী রিটানিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেয়।
এর আগে দুপুর ১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহকারী রিটানিং অফিসার ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সকল স্থানে প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, শেখ হেলাল উদ্দিন এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, শেখ তন্ময় এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, বিশেষ সহকারী নাজমা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসন থেকে ৮৬সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আসছেন। এবারও তিঁনি এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হবেন। আগামী ৭জানুয়ারি কোটালীপাড়া- টুঙ্গিপাড়ার ভোটারগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এই নির্বাচনী আসন থেকে আরো বেশি ভোটে বিজয়ী হবেন। আমরা কোটালীপাড়া টুঙ্গিপাড়াবাসী চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত সকল প্রার্থী আবারও নির্বাচিত হয়ে দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুক।
এদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসনে তিঁনি ছাড়া আরো ৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এরা হলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির জেলা কমিটির সদস্য এম নিজাম উদ্দিন লস্কর, স্বতন্ত্র মোঃ কামাল হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রেসেডিয়াম সদস্য শেখ আবুল কালাম ও জাকের পার্টির গোপালগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোল্লা। তবে এরা এখনো তাদের মনোনয়নপত্র জমা দেননি।

দৈনিক দেশতথ্য//এইচ//