নাজমুল হাসান: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দেশের সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।
গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যবসায়ীদের অনুরোধ ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, এই নির্দেশাবলী দেশের সকল শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনের মূল নির্দেশনাসমূহ:
দোকানপাট বন্ধ: সকল শপিংমল, মার্কেট ও দোকানসমূহ অবশ্যই সন্ধ্যা ০৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করতে হবে।
বিলবোর্ড নিয়ন্ত্রণ: আলোকসজ্জা ও সকল বিলবোর্ডের বাতি সন্ধ্যা ০৭:০০ টার মধ্যে
বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।
অনুষ্ঠান ও মেলা: দেশের বিভিন্ন প্রান্তে চলমান মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহও সন্ধ্যা ৭টার মধ্যে সমাপ্ত করতে হবে।
বিদ্যুৎ বিভাগ থেকে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
কুষ্টিয়ায় জেলা প্রশাসকের কড়া বার্তা
সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে কুষ্টিয়া জেলা প্রশাসনও কঠোর অবস্থান নিয়েছে।
এ প্রসঙ্গে কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের এই নিয়ম সবাইকে মেনে চলার আহ্বান জানান। দেশের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলার সকল ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলকে আমি এই আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি কেউ এই নির্দেশনা অমান্য করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ থেকেই জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের টহল জোরদার করা হবে যাতে কেউ সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত সময় দোকান বা আলোকসজ্জা চালু না রাখে।