ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ব্যতিক্রমী শিল্প-প্রতিবাদ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী সুদীপ রায়।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুরপাড়ে বিভাগীয় অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে তিনি একটি প্রতীকী শিল্প-ইনস্টলেশন প্রদর্শন করেন। সাজিদের মরদেহ উদ্ধারের স্থানকে কেন্দ্র করেই নির্মিত এ শিল্পকর্মে বিচারহীনতার বিষয়টি তুলে ধরা হয়।
প্রদর্শনীতে পুকুরের পানিতে একটি প্রতীকী মৃতদেহ ভাসমান অবস্থায় রাখা হয়। চারপাশে লাল রঙের একাধিক প্রশ্নবোধক চিহ্ন স্থাপন করা হয়, যা বিচারহীনতা ও অনুত্তরিত প্রশ্নের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া পুকুরপাড়ের সিঁড়িতে সাজিদের দৈনন্দিন ব্যবহারের প্রতীকী সামগ্রী—বই, খাতা, পোশাক, গামছা, জুতা ও একটি বাদ্যযন্ত্র রাখা হয়। শিল্পকর্মের পাশে বাজানো হয় সাজিদের কণ্ঠে গাওয়া একটি গান।
এ সময় একটি সাদা ক্যানভাসে লেখা ছিল, ‘১৭/৭/২৫ তারিখটা মনে আছে?’। সেখানে উপস্থিত দর্শনার্থীরা নিজেদের শোক, ক্ষোভ ও বিচার প্রত্যাশার বিভিন্ন বার্তা লিখে অংশ নেন।
শিল্পী সুদীপ রায় বলেন, এই আয়োজন কেবল শোক প্রকাশের জন্য নয়; বরং বিচারহীনতার বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ। তার ভাষায়, প্রশাসনের নীরবতা, বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অনিশ্চয়তার মধ্যেই শিল্প প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। তিনি মনে করেন, সাজিদ হত্যার বিচার না হওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, প্রদর্শনীতে ব্যবহৃত প্রশ্নবোধক চিহ্নগুলো বিচারব্যবস্থার সামনে থাকা অনুত্তরিত প্রশ্নের প্রতীক। যেমন—‘কেন তাকে হত্যা করা হলো?’, ‘কবে বিচার হবে?’, ‘আদৌ কি বিচার হবে?’ এবং ‘পরবর্তী সাজিদ কি আমি নই?’
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট প্রকাশিত ভিসেরা প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার প্রায় এক বছর পার হলেও মামলার বিচার প্রক্রিয়ায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।